পটুয়াখালী জেলা প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় বৈরী আবহাওয়ার কারণে বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয়েছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের। বুধবার গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
জানা যায়, ঝড়-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে অনেক পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে পারেননি। চারটি বিষয়ে মোট ৩০৬ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও ২৫ জন অনুপস্থিত ছিলেন।
পরীক্ষা চলাকালীন হঠাৎ বিদ্যুৎ চলে গেলে পুরো কেন্দ্র অন্ধকারে ডুবে যায়। কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে বাধ্য হন। এতে স্বাভাবিক পরিবেশে পরীক্ষা দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন তারা এবং লেখাপড়ায় মারাত্মক বিঘ্ন ঘটে।
পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল দাস। তিনি ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করেন।
কেন্দ্র আহ্বায়ক সৌমিত্র সরকার জানান, বৈরী আবহাওয়ার কারণে হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একই সঙ্গে তিনি স্থানীয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন।
অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের ছেলেমেয়েরা মোমবাতির আলোয় পরীক্ষা দিচ্ছে—এটি অত্যন্ত দুঃখজনক। অনেক প্রতিষ্ঠানে জেনারেটরের ব্যবস্থা থাকলেও এখানে এমন কোনো প্রস্তুতি ছিল না।”
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে এবং দ্রুত তা স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এ ঘটনায় অভিভাবকরা দ্রুত স্থায়ী সমাধান এবং ভবিষ্যতে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার জোর দাবি জানিয়েছেন।
নিউজ ডেস্ক