যুক্তরাষ্ট্রের কঠোর নৌ-অবরোধ অমান্য করে ইরানের একটি বিশাল তেলবাহী ট্যাংকার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পৌঁছেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাংকার ট্র্যাকারস ডটকম এ তথ্য নিশ্চিত করেছে।
ইরানের ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির মালিকানাধীন ‘হিউজ’ নামের এই জাহাজটি প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছে, যার বাজারমূল্য প্রায় ২২ কোটি মার্কিন ডলার।
সংস্থাটির তথ্য অনুযায়ী, এক সপ্তাহ আগে জাহাজটিকে শ্রীলঙ্কার উপকূলে দেখা গেলেও বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি অতিক্রম করে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে।
অবরোধ ঘোষণার সময় জাহাজটি ইরানের জলসীমায় অবস্থান করছিল। এরপর দীর্ঘ সময় এর স্বয়ংক্রিয় ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ রাখা হয়, ফলে জাহাজটির গতিবিধি অনুসরণ করা কঠিন হয়ে পড়ে।
এদিকে ইরান দাবি করেছে, তাদের অন্তত ৫২টি জাহাজ সফলভাবে অবরোধ এড়িয়ে চলতে পেরেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি, তারা ৪১টি ইরান-সম্পৃক্ত জাহাজের গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে।
মার্কিন কর্মকর্তাদের মতে, এই অবরোধের ফলে ইরানের তেল রপ্তানি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশটির কয়েক বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে।
নিউজ ডেস্ক