লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নতুন কমিটিতে পদ না পেয়ে ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েছেন দলটির এক নেতা। তার ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
কান্নারত ওই নেতার নাম মো. জাহিদ। তিনি পূর্বে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন। শনিবার (২ মে) রাতে ঘোষিত ১৮ সদস্যের নতুন কমিটিতে পদ না পাওয়ায় লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
নতুন কমিটিতে আবুল বারাকাতকে আহ্বায়ক, আবদুল্লাহ আল খালেদকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং হাসিবুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে।
লাইভে মো. জাহিদ দাবি করেন, দীর্ঘদিন ধরে তিনি রাজপথে সক্রিয় ছিলেন এবং দলের জন্য সময় ও শ্রম দিয়েছেন। কিন্তু নতুন কমিটিতে তাকে মূল্যায়ন করা হয়নি। তিনি অভিযোগ করেন, প্রকৃত কর্মীদের উপেক্ষা করে কমিটি গঠন করা হয়েছে।
কথা বলতে বলতে একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। তার ভাষায়, “আমি জানি না আমার অপরাধ কী ছিল। যোগ্যতা থাকা সত্ত্বেও আমাকে বঞ্চিত করা হয়েছে।”
নিউজ ডেস্ক