ঢাকা

সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সংস্কার প্রস্তাব বাস্তবায়ন নিয়ে আলোচনা না করে সরকার একতরফাভাবে সংসদ পরিচালনা করেছে।

রোববার (৩ মে) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির এক কনভেনশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, প্রথম অধিবেশনে বিভিন্ন সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পথ নির্ধারণ হওয়ার কথা থাকলেও তা হয়নি। এভাবে চলতে থাকলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামা ছাড়া আর কোনো পথ থাকবে না বলেও সতর্ক করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করতে উচ্চকক্ষ, গণভোটের ব্যবস্থা, সংবিধান সংশোধনে ভারসাম্য এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রাখা জরুরি। একই সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা ও সর্বদলীয় সমঝোতার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ওপর গুরুত্ব দেন তিনি।

সংবিধান সংস্কার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আংশিক সংশোধনের মাধ্যমে টেকসই সমাধান সম্ভব নয়। প্রয়োজন হলে জনগণের মতামত নিয়ে বড় ধরনের পরিবর্তনের দিকে যেতে হবে।

তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভিন্নমত থাকলেও তা অনেক সময় উপেক্ষিত হচ্ছে। এ কারণে গণভোটের মতো পদ্ধতির প্রয়োজনীয়তা সামনে এসেছে।

গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা তৈরি হলে জনগণকে আবারও রাজপথে নামতে হতে পারে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।



কমেন্ট বক্স