ঢাকা

সমুদ্রে আতঙ্ক হান্টাভাইরাসে প্রাণ গেল ৩ জনের

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত


আটলান্টিক মহাসাগরে চলাচলকারী একটি প্রমোদতরীতে বিরল হান্টাভাইরাস সংক্রমণের আশঙ্কায় উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার সূত্রে এই তথ্য সামনে এসেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, পরিস্থিতি জানার পর থেকেই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। ইতোমধ্যে একজন যাত্রীর শরীরে পরীক্ষাগারে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে এবং আরও কয়েকটি সম্ভাব্য সংক্রমণের ঘটনা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট ছয়জন আক্রান্তের মধ্যে তিনজন মারা গেছেন। একজন গুরুতর অসুস্থ অবস্থায় দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে কেপ ভার্দের উদ্দেশ্যে যাত্রা করা এমভি হন্ডিয়াস নামের জাহাজে এই সংক্রমণের ঘটনা ঘটে। এর আগে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য কর্তৃপক্ষ কয়েকজন যাত্রীর মধ্যে তীব্র শ্বাসকষ্টের উপসর্গ শনাক্ত করে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হান্টাভাইরাস সাধারণত ইঁদুরজাতীয় প্রাণী থেকে মানুষের শরীরে ছড়ায় এবং এটি রক্তক্ষরণজনিত জ্বরসহ গুরুতর শ্বাসযন্ত্রের সমস্যার কারণ হতে পারে। যদিও এই সংক্রমণ বিরল, তবুও কিছু ক্ষেত্রে মানুষ থেকে মানুষে ছড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

প্রতিবেদন অনুযায়ী, মৃতদের মধ্যে এক বৃদ্ধ যাত্রী এবং তাঁর স্ত্রীও রয়েছেন। জাহাজটিতে থাকা অন্য যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি জোরদার করা হয়েছে।

বর্তমানে উপসর্গযুক্ত যাত্রীদের দ্রুত সরিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট দেশগুলোর স্বাস্থ্য বিভাগ এবং জাহাজ পরিচালনাকারী সংস্থার মধ্যে সমন্বয় চলছে। জাহাজটিতে প্রায় ১৭০ জন যাত্রী এবং ৭০ জন ক্রু রয়েছেন বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।




কমেন্ট বক্স