ঢাকা

কালিশুরি বাজারে পিওর ওয়াটার স্কিম চালু করলেন এমপি মাসুদ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি মিরর নিউজ, রাকিবুল হাসান ছবি মিরর নিউজ, রাকিবুল হাসান
রাকিবুল হাসান অভি,
পটুয়াখালী জেলা প্রতিনিধি,

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরি বাজারে পিওর ওয়াটার সাপ্লাই স্কিমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪ মে ২০২৬) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আল্লাহ সুবহানাহু তায়ালা আমাদের এই উদ্যোগকে কবুল করেছেন। আমরা আশা করি, বাকি কাজগুলোও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো—আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন।”
তিনি আরও বলেন, এই প্রকল্প বাস্তবায়নে টেকনিক্যাল টিম থেকে শুরু করে মাঠপর্যায়ের শ্রমজীবী সকল কর্মীর সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি সবার জন্য দোয়া কামনা করেন।
এমপি জানান, নির্বাচিত হওয়ার পর থেকেই বাউফল উপজেলায় সুপেয় পানির তীব্র সংকট তার নজরে আসে। এ বিষয়ে বিপুল সংখ্যক অভিযোগ তার কাছে জমা পড়ে। বিশেষ করে শুষ্ক মৌসুমে পুকুর-খাল শুকিয়ে যাওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা চরম ভোগান্তির মধ্যে পড়ে। বর্তমানে তিন থেকে চার হাজার গভীর নলকূপ স্থাপনের আবেদন জমা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এই বাস্তবতায় ওয়াটার সাপ্লাই স্কিম গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “এই প্রকল্পের মাধ্যমে প্রায় পাঁচ কিলোমিটার এলাকার মানুষ সরাসরি উপকৃত হবে।” এছাড়া কালাইয়া এলাকায় আরেকটি ওয়াটার সাপ্লাই স্কিমের কাজ চলমান রয়েছে, যা দ্রুত সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও জানান, বাউফলের জন্য বরাদ্দকৃত দুটি স্কিমের মধ্যে একটি কালাইয়া এলাকায় এবং অপরটি উত্তর বাউফলের ধুলিয়া-কালিশুরি বাজার এলাকায় বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম। এ সময় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক সমাজ, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
কালিশুরি বাজারে এই ওয়াটার সাপ্লাই স্কিম বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের সুপেয় পানির সংকট অনেকাংশে লাঘব হবে বলে আশা করছেন স্থানীয়রা।



কমেন্ট বক্স