দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার মধ্যাঞ্চলে একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন শ্রমিক নিহত হয়েছেন এবং আরও ৬ জন আহত হয়েছেন। সোমবার সংঘটিত এই দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপি জানায়, রাজধানী বোগোতা থেকে প্রায় ৭২ কিলোমিটার উত্তরে সুতাতাউসা পৌর এলাকায় অবস্থিত একটি বৈধ খনিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খনির ভেতরে জমে থাকা গ্যাস থেকেই এই বিস্ফোরণ ঘটেছে। আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে ন্যাশনাল মাইনিং এজেন্সি জানায়, দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে ৬ জন শ্রমিককে জীবিত বের করে আনা সম্ভব হয়েছে। তবে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কুন্দিনামার্কা অঞ্চলের গভর্নর জর্জ এমিলিও রে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বিস্ফোরণের সময় খনির ভেতরে মোট ১২ জন শ্রমিক আটকা পড়েছিলেন। তাদের মধ্যে তিনজন নিজ উদ্যোগে বের হতে সক্ষম হন।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন। তবে উদ্ধার কার্যক্রম চালানোর আগে খনির ভেতরে গ্যাসের মাত্রা পরীক্ষা করা হচ্ছিল, যাতে নতুন করে ঝুঁকি তৈরি না হয়।
উল্লেখ্য, কলম্বিয়ায় খনি দুর্ঘটনা নতুন কোনো ঘটনা নয়। বিশেষ করে বায়ু চলাচলের সীমাবদ্ধতা এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে প্রায়ই এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট এলাকায় বৈধ খনির পাশাপাশি বহু অবৈধ খনিও রয়েছে, যেখানে নিরাপত্তা বিধি যথাযথভাবে মানা হয় না।