টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই গণঅভ্যুত্থানকালে হত্যাসহ একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা শামীম আল মামুনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার সকালে তিনি টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক সাগর তালুকদার তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শামীম আল মামুন (৪৬) মির্জাপুর পৌরসভার পোস্টকামুরী গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ছেলে। তিনি মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট পুলিশের গুলিতে কলেজছাত্র ইমন নিহত এবং হিমেল গুরুতর আহত হয়ে দুই চোখ হারান। ওই ঘটনার পর নিহতের পরিবার ও আহতের স্বজনরা টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন, যেখানে শামীম আল মামুনকে আসামি করা হয়।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তিনি সোমবার আদালতে আত্মসমর্পণ করেন।
টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
নিউজ ডেস্ক