ঢাকা

সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সড়ক, মহাসড়ক ও রেললাইনের ওপর কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৪ মে) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, জনগণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সড়ক, রেলপথ ও নৌপথে সমন্বিতভাবে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ফেরিঘাটে বাস থেকে যাত্রী নামিয়ে আলাদাভাবে পারাপার নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সাইনবোর্ড ও মাইকিংয়ের ব্যবস্থা থাকবে। কোনো বাসচালকের গাফিলতি প্রমাণিত হলে তার লাইসেন্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সড়ক দুর্ঘটনা মোকাবিলায় মহাসড়কের পাশে থাকা ট্রমা সেন্টারগুলো কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। সিভিল সার্জনের তত্ত্বাবধানে সেখানে প্রয়োজনীয় চিকিৎসক ও সরঞ্জাম রাখা হবে। পাশাপাশি ঈদের অন্তত সাত দিন আগে থেকেই উপজেলা ও জেলা হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদর দপ্তরে একটি মনিটরিং সেল গঠন করা হবে, যা সিসিটিভি নজরদারির মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

এ ছাড়া কোরবানির পর প্রথম সাত দিন ঢাকার বাইরে থেকে কোনো চামড়া রাজধানীতে আনা যাবে না বলেও জানান তিনি। স্থানীয়ভাবে চামড়া সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে আরও জানানো হয়, কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।



কমেন্ট বক্স