ঢাকা

বাণিজ্য চুক্তি পর্যালোচনায় ঢাকায় ব্রেন্ডান লিঞ্চ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ এক সফরে আজ ঢাকায় পৌঁছাচ্ছেন ব্রেন্ডান লিঞ্চ। তিনি যুক্তরাষ্ট্রের ইউএসটিআর-এর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিন দিনের এই সফরের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তি (এআরটি)-এর বাস্তবায়ন অগ্রগতি মূল্যায়ন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সংলাপকে আরও গতিশীল করা।

সরকারি সূত্রে জানা গেছে, সফরকালে তিনি বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারের শীর্ষ পর্যায়ের বিভিন্ন নীতিনির্ধারকের সঙ্গে বৈঠক করবেন। এর মধ্যে রয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বিদ্যুৎ ও জ্বালানি খাতের উপদেষ্টা, কৃষিমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিব।

আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে এআরটি চুক্তির বাস্তবায়ন, দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি হ্রাস এবং যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য ও জ্বালানি আমদানির প্রতিশ্রুতি। চুক্তি অনুযায়ী, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে উল্লেখযোগ্য পরিমাণ কৃষিপণ্য এবং দীর্ঘমেয়াদে বিপুল অঙ্কের জ্বালানি পণ্য আমদানির পরিকল্পনা নিয়েছে।

এছাড়া সম্ভাব্য আলোচনার তালিকায় রয়েছে মার্কিন উড়োজাহাজ ও প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়, ডিজিটাল বাণিজ্য সহজীকরণ এবং অশুল্ক বাধা কমানোর বিষয়গুলো।

মার্কিন দূতাবাস জানিয়েছে, ৫ থেকে ৭ মে পর্যন্ত চলা এই সফর বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করতে সহায়ক হবে। এতে উভয় দেশের বাজারে প্রবেশ সহজ হবে এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পল কাপুর এবং চার্লস জে. হার্ডার-এর সফরের ধারাবাহিকতায় এটি তৃতীয় উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি সফর।




কমেন্ট বক্স