ঢাকা

চকেরঘাটে ব্রিজ নির্মাণের দাবিতে জনদাবি জোরালো, ভোগান্তিতে হাজারো মানুষ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : মিরর নিউজ ছবি : মিরর নিউজ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ঘাঘট নদীর তীরবর্তী সাতগিরি ও হিরোবাজার এলাকার হাজার হাজার মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন চকেরঘাটে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ। ইউনুছ বাজার থেকে চকেরঘাট পর্যন্ত পাকা সড়ক নির্মাণ হওয়ায় যাতায়াতে কিছুটা গতি এলেও, একটি ব্রিজের অভাবে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন আজও থমকে রয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, চকেরঘাটে ব্রিজ না থাকায় প্রতিদিন নদী পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। নৌকাই একমাত্র ভরসা হওয়ায় বর্ষা মৌসুমে ঝুঁকি বেড়ে যায় কয়েকগুণ। ফলে জরুরি প্রয়োজনে রোগী পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং কৃষিপণ্য বাজারজাতকরণে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।


এলাকাবাসী জানান, চকেরঘাটে একটি ব্রিজ নির্মিত হলে সরাসরি রংপুরের মিঠাপুকুর উপজেলার সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হবে। এতে করে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।


সাতগিরি গ্রামের বাসিন্দা মোঃ সবুজ মিয়া বলেন, “আমরা বছরের পর বছর ধরে এই ব্রিজের আশায় আছি। একটি ব্রিজ হলে আমাদের জীবনযাত্রা অনেক সহজ হয়ে যাবে।”


হিরোবাজার এলাকার বাসিন্দা রাশেদা বেগম বলেন, “বর্ষাকালে নদী পার হতে খুব ভয় লাগে। স্কুল-কলেজের ছেলেমেয়েদের কষ্ট দেখে খুব খারাপ লাগে। দ্রুত ব্রিজটা হওয়া দরকার।”


আরেক স্থানীয় ব্যবসায়ী জাহিদুল ইসলাম বলেন, “যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় আমরা আমাদের পণ্য ঠিকমতো বাজারে নিতে পারি না। ব্রিজ হলে ব্যবসায় বড় ধরনের উন্নতি হবে।”


মরহুম হিরো ছাত্তারের স্মৃতিবিজড়িত এই জনপদের উন্নয়নে চকেরঘাটে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ এখন সময়ের দাবি বলে মনে করছেন সচেতন মহল। এলাকাবাসী দ্রুত এই ব্রিজ নির্মাণে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।




কমেন্ট বক্স