ঢাকা

পবিপ্রবিতে পিডিকে অবরুদ্ধ করে তালাবদ্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এ প্রকল্প পরিচালক (পিডি) মো. ওবায়েদুল ইসলামকে তাঁর নিজ কার্যালয়ে তালাবদ্ধ করে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

সোমবার (৪ মে) বেলা প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ছাত্রদলের ১৫-২০ জন নেতা-কর্মী পিডির কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে তালা লাগিয়ে দেন। এতে তিনি প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় ছিলেন।

অবরুদ্ধ অবস্থায় পিডি মো. ওবায়েদুল ইসলাম অভিযোগ করেন, চলমান প্রকল্পের কাজ থেকে ১ শতাংশ কমিশন দাবি করা হয়েছে, যার পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা হতে পারে। তবে এ অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন ছাত্রদলের নেতারা।

ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা জনি বলেন, “চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ জানাতেই আমরা এ কর্মসূচি পালন করেছি।”

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নতুন করে বিতর্কের জন্ম নেয়। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পর একটি সমঝোতায় পৌঁছানো হলে পিডির কক্ষের তালা খুলে দেওয়া হয় এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. হাবিবুর রহমান বলেন, “এখানে কিছু ভুল বোঝাবুঝি থাকতে পারে। অভিযোগকারীরা লিখিতভাবে অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠনের জন্য উপাচার্যের কাছে সুপারিশ করা হবে।”

ঘটনার পর ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট মহল আশা করছে, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স