হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ঘোষিত ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযানে অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে দক্ষিণ কোরিয়া।
ডোনাল্ড ট্রাম্প-এর এই উদ্যোগ নিয়ে সিউলের প্রেসিডেন্ট কার্যালয় সম্ভাব্যতা যাচাই করছে বলে জানিয়েছে রয়টার্স।
সম্প্রতি ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ জলপথে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে গাইড করে বের করে আনতে বিশেষ এই সামরিক অভিযান পরিচালিত হবে। মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও বিমান সহায়তায় পরিচালিত এই মিশনের মূল লক্ষ্য হচ্ছে জাহাজ চলাচল স্বাভাবিক করা।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের এক সূত্র জানায়, আন্তর্জাতিক সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করা এবং কৌশলগত স্বার্থ বিবেচনায় তারা এই উদ্যোগে অংশ নেওয়ার বিষয়টি খতিয়ে দেখছে। এর আগে ট্রাম্প অভিযোগ করেন, ইরান বিভিন্ন দেশের জাহাজে হামলা চালিয়েছে এবং এতে দক্ষিণ কোরিয়ার একটি কার্গো জাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রেক্ষাপটে সিউলকে অভিযানে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
বর্তমানে হরমুজ প্রণালি এলাকায় বহু জাহাজ ও নাবিক আটকা পড়ার খবর দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। ট্রাম্প এই অভিযানকে ‘মানবিক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করলেও এতে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়া এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তবে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক সম্পর্ক বিবেচনায় দ্রুতই এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট হতে পারে।
সূত্র: আল-জাজিরা
নিউজ ডেস্ক