হিমালয়ের দেশ নেপালে চলছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন–৫-এর শুটিং। নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় কয়েক দিন ধরে টিমের সদস্যরা সেখানে শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন।
শুটিংয়ে অংশ নিচ্ছেন কাবিলা, হাবু, পাশা, নেহাল, আরেফিনসহ পরিচিত চরিত্রগুলোর অভিনয়শিল্পীরা। তাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন নেপালি অভিনেত্রী রাজেশ্রী থাপা। এসব দৃশ্য দেখা যাবে আসন্ন চ্যাপ্টার ১২-তে।
এবার শুধু পরিচালনা নয়, প্রযোজনার দায়িত্বও নিজেই নিয়েছেন অমি। তিনি জানান, আগে পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। এবার নিজের কল্পনা ও গল্পগুলো পর্দায় ফুটিয়ে তুলতেই এই আয়োজন।
অমির ভাষ্য, খরচের হিসাব না করে আবেগ থেকেই পুরো টিমকে নিয়ে প্রায় ১০ দিনের জন্য নেপালে শুটিং করা হচ্ছে। এর আগে লোকেশন র্যাকি সম্পন্ন করা হয়েছে এবং প্রতিটি দৃশ্য উপভোগ করেই ধারণ করা হচ্ছে।
তিনি আরও জানান, চ্যাপ্টার ১২ এমনভাবে নির্মাণের চেষ্টা চলছে যাতে দর্শক আন্তর্জাতিক মানের ওয়েব সিরিজের অভিজ্ঞতা পান। গল্পের প্রয়োজনে টিম কেন নেপালে গেল—সেটিও থাকছে চমক হিসেবে।
‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন–৫ প্রচারিত হচ্ছে চ্যানেল আই, বুম ফিল্ম ও বঙ্গ—এই তিন প্ল্যাটফর্মে। এতে অভিনয় করেছেন পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, পাভেলসহ অনেকে। নতুন করে ফিরে এসেছেন শামীম হাসান সরকার। এছাড়াও রয়েছেন মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, ইশতিয়াক রোমেল, স্পর্শিয়া ও জায়েফ প্রমুখ।
নিউজ ডেস্ক