ঢাকা

ঝিকরগাছায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০২৬ উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত
যশোরের ঝিকরগাছায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা ২০২৬। ২০২৫-২৬ অর্থবছরে ঘেরের আওতায় টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

মঙ্গলবার (৫ মে) সকাল ১১টায় মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। র‍্যালিতে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ও টেকসই উৎপাদন বৃদ্ধির পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ছাড়া কৃষিতে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার বিকল্প নেই।

মেলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন স্টলে আধুনিক কৃষিযন্ত্র, উন্নতমানের বীজ, কীটনাশক ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল প্রযুক্তি এবং সফল কৃষি উদ্যোগের নানা দিক তুলে ধরা হয়েছে। কৃষকরা সরাসরি এসব প্রযুক্তি সম্পর্কে ধারণা নেওয়ার পাশাপাশি ব্যবহারিক কৌশলও শিখছেন।

স্থানীয় কৃষকরা জানান, এ ধরনের মেলা তাদের জন্য অত্যন্ত উপকারী। নতুন প্রযুক্তি সম্পর্কে জানার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হয়, যা ভবিষ্যতে উৎপাদন বাড়াতে সহায়ক হবে।

আয়োজকরা জানান, কৃষকদের আধুনিক ও টেকসই প্রযুক্তির সঙ্গে পরিচিত করা, উৎপাদন বৃদ্ধি এবং কৃষিতে উদ্ভাবন ছড়িয়ে দেওয়াই এ মেলার মূল লক্ষ্য। তিন দিনব্যাপী এ আয়োজনে প্রতিদিন প্রশিক্ষণ কর্মশালা, আলোচনা সভা ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।



কমেন্ট বক্স