ঈশ্বরদীতে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী গুরুতর আহত হওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহত রবিন (৩০) উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে জানা গেছে।
মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল ঠাকুরপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাকশী ইপিজেড এলাকার বাসিন্দা ওহিদুল ইসলামের ছেলে রবিন সকালে এক বন্ধুকে ডাকতে গিয়ে ঠাকুরপাড়া এলাকায় সোহাগের দোকানের সামনে পৌঁছালে যুবলীগ কর্মী মুন্নাসহ ৩-৪ জনের মুখোমুখি হন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে মুন্না তাকে উদ্দেশ করে “তুই আমাকে খুঁজছিস কেন?” বলে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রবিনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের বেড থেকে রবিন দাবি করেন, হামলাকারী মুন্না দাশুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিনের ঘনিষ্ঠ ক্যাডার।
ঘটনার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পাকশী এলাকায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেন।
এ বিষয়ে উপজেলা যুবদলের সদস্য নেতা শাহারিয়ার শাহান অভিযোগ করে বলেন, আলোচিত পিন্টু ও মানিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মুন্না সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিনের মদদে পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে।
তবে অভিযোগ অস্বীকার করে শরিফুল ইসলাম তুহিন বলেন, “আমি দীর্ঘদিন কারাগারে ছিলাম। বের হওয়ার পর অনেক মানুষ আমার সঙ্গে যোগাযোগ করেছে। তবে এই ছেলেকে আমি চিনি না। যেকোনো হামলার ঘটনায় আমি নিন্দা জানাই এবং অপরাধীর শাস্তি চাই।”
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
নিউজ ডেস্ক