চট্টগ্রাম জলসীমায় প্রবেশ করেছে অপরিশোধিত জ্বালানি তেলবাহী জাহাজ এমটি নিনেমিয়া। বুধবার দুপুরের মধ্যে জাহাজটি বন্দরের বহির্নোঙর কুতুবদিয়া চ্যানেলে নোঙর করার কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানিয়েছে, কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সেখান থেকেই লাইটারিং কার্যক্রম শুরু হবে। বড় জাহাজ থেকে ছোট লাইটার ট্যাংকারে তেল স্থানান্তর করে তা ইস্টার্ন রিফাইনারি লিমিটেড-এর জেটিতে নেওয়া হবে।
ইতোমধ্যে কুতুবদিয়ার উদ্দেশ্যে দুটি লাইটার ট্যাংকার পাঠানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে বুধবার রাতের মধ্যেই রিফাইনারির ডিপোতে তেল খালাস সম্পন্ন হবে। এরপর বৃহস্পতিবার সকাল থেকে রিফাইনারির সব ইউনিট চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিপিসি সূত্র জানায়, দেশে একমাত্র রাষ্ট্রীয় তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি, যা অপরিশোধিত তেল পরিশোধন করে ডিজেল, অকটেন, পেট্রোল, জেট ফুয়েলসহ বিভিন্ন জ্বালানি উৎপাদন করে থাকে।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এ তেল পরিবহনের দায়িত্বে রয়েছে। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হওয়ায় বিকল্প রুটে তেল আনতে হয়েছে।
তিনি জানান, সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে প্রায় এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে গত ২২ এপ্রিল যাত্রা শুরু করে এমটি নিনেমিয়া, যা ১৩ দিনের সমুদ্রযাত্রা শেষে চট্টগ্রামে পৌঁছেছে।
ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত বলেন, দীর্ঘদিন কাঁচামালের অভাবে রিফাইনারির তিনটি ইউনিটের মধ্যে দুটি বন্ধ ছিল। তবে এই সময় প্লান্ট সংস্কার করা হয়েছে, ফলে এখন আগের তুলনায় বেশি উৎপাদন সম্ভব হবে।
তিনি আশা প্রকাশ করেন, নতুন করে উৎপাদন শুরু হলে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে।