ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, চলতি মে মাসের শেষদিকে অথবা ঈদুল আজহার পর নতুন সময়সূচি কার্যকর হতে পারে। নতুন পরিকল্পনায় ট্রেনের ফ্রিকোয়েন্সিও বাড়ানো হবে- বর্তমানে পাঁচ মিনিট পরপর ট্রেন চললেও তা কমিয়ে সাড়ে চার মিনিট করা হবে।
যাত্রীদের চাহিদা ও সুবিধার কথা বিবেচনায় মেট্রোরেলের চলাচলের সময় আরো বাড়ানোর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
নতুন পরিকল্পনা অনুযায়ী, রাতে সময়সীমা ৪০ থেকে ৫০ মিনিট বাড়ানো হতে পারে। এ লক্ষ্যে কারিগরি পরীক্ষা চলছে, যা শেষ হলে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, চলতি মে মাসের শেষদিকে অথবা ঈদুল আজহার পর নতুন সময়সূচি কার্যকর হতে পারে। নতুন পরিকল্পনায় ট্রেনের ফ্রিকোয়েন্সিও বাড়ানো হবে- বর্তমানে পাঁচ মিনিট পরপর ট্রেন চললেও তা কমিয়ে সাড়ে চার মিনিট করা হবে।
প্রস্তাবিত সূচি অনুযায়ী, মতিঝিল থেকে উত্তরাগামী শেষ ট্রেন রাত ১১টা পর্যন্ত চালানোর চিন্তা করা হচ্ছে। বর্তমানে এই রুটে সর্বশেষ ট্রেন ছেড়ে যায় রাত ১০টা ১০ মিনিটে। একইভাবে উত্তরা থেকে মতিঝিলগামী শেষ ট্রেনও রাত ১০টা ১০ মিনিটে ছাড়ার পরিকল্পনা রয়েছে, যেখানে এখন শেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ৯টায়।
বর্তমানে উত্তরা থেকে দিনের প্রথম ট্রেন ছাড়ে সকাল সাড়ে ৬টায় এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন ছেড়ে যায় সকাল সোয়া ৭টায়। সকালে সময় বাড়ানোর বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত হয়নি।
এর আগে, গত বছর অক্টোবরে এক দফা সময় বাড়ানো হয়েছিল। বর্তমানে প্রতিদিন ২৯৭টি ট্রিপ পরিচালিত হচ্ছে, যা নতুন সময়সূচি কার্যকর হলে আরো বাড়বে। ব্যস্ত সময়ে যাত্রীসেবায় গতি আনতে ট্রেনের ব্যবধান কমানোর পরিকল্পনাও রয়েছে।
ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো: নজরুল ইসলাম জানিয়েছেন, রাতে দুই দিক থেকেই চলাচলের সময় বাড়ানোর বিষয়ে পরীক্ষা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সড়ক পরিবহন মন্ত্রণালয়।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর ঢাকায় মেট্রোরেল চালু হয়। প্রথমে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল শুরু হলেও পরে ধাপে ধাপে সম্প্রসারণ করে ২০২৩ সালের শেষ দিনে মতিঝিল পর্যন্ত পূর্ণাঙ্গ যাত্রীসেবা চালু করা হয়।
নিউজ ডেস্ক