ঢাকা

মেলার জন্য স্টেডিয়াম ব্যবহারের সুযোগ দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক জানিয়েছেন, ভবিষ্যতে কোনো ধরনের মেলা আয়োজনের জন্য দেশের স্টেডিয়ামগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনের প্রথম অধিবেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জেলা পর্যায়ের মাঠে মেলার কারণে খেলাধুলা ব্যাহত হওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে—স্টেডিয়াম বা ক্রীড়া স্থাপনাগুলো কেবল খেলাধুলার জন্যই ব্যবহৃত হবে। তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর থেকে মেলার জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও দেওয়া হবে না।

তিনি আরও বলেন, সারা দেশের জেলা স্টেডিয়াম, ক্রীড়া কমপ্লেক্স ও সুইমিং কমপ্লেক্সগুলো সংস্কার করে সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরি করা যায়।

খেলার মাঠে হকার পুনর্বাসনের বিষয়ে তিনি বলেন, যেসব মাঠ খেলাধুলার উপযোগী, সেগুলোতে হকার বসানোর সুযোগ দেওয়া হবে না। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটাতে কাজ করা হচ্ছে। এর মাধ্যমে যুব সমাজকে সম্পৃক্ত করে কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও বলেন, ‘নতুন কুড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু রয়েছে এবং এটি ধারাবাহিকভাবে পরিচালিত হলে আগামী কয়েক বছরে ক্রীড়া খাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

ডিসি সম্মেলনের শেষ দিনে সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত অধিবেশন অনুষ্ঠিত হয়।



কমেন্ট বক্স