ঢাকা

শ্রীপুরে পৃথক স্থানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় পৃথক দুটি ঘটনায় পুকুরে ডুবে জিহাদ (৬) ও সুইটি (১৪) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার নগর হাওলা ও দক্ষিণ ধনুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিহাদ উপজেলার নগর হাওলা গ্রামের জাকির হোসেনের ছেলে। সে নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

অন্যদিকে নিহত সুইটি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। তাদের পরিবার দীর্ঘ ১১ বছর ধরে শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল। তার বাবা-মা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সুইটি বাকপ্রতিবন্ধী ছিল বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় জিহাদ। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরপাড়ে তার জুতা দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত জৈনা বাজারের আল বারাকা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে একই সময়ে দক্ষিণ ধনুয়া এলাকায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে সুইটি। এ সময় তার সঙ্গে থাকা এক শিশুকে বাঁচাতে গিয়ে নিজেই পানির নিচে তলিয়ে যায় বলে স্থানীয়রা জানান। পরে দীর্ঘক্ষণ পর স্থানীয় এক কৃষক তাকে উদ্ধার করলে দেখা যায়, সে আর বেঁচে নেই।

স্থানীয়দের অভিযোগ, বিশেষ করে স্কুলসংলগ্ন পুকুরগুলো দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় রয়েছে। পুকুরের চারপাশে কোনো নিরাপত্তা বেষ্টনী বা প্রাচীর না থাকায় শিশুদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।



কমেন্ট বক্স