ঢাকা

২৫ মার্চের আগে রাজারবাগে পুলিশ সমাবেশের কারণ গবেষণার বিষয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

১৯৭১ সালের ২৫ মার্চের আগে উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে দেশের সব পুলিশ সদস্যকে কেন রাজারবাগ পুলিশ লাইন্সে একত্রিত করা হয়েছিল, এর পেছনে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের কী কৌশল বা যুক্তি কাজ করেছিল— তা মুক্তিযুদ্ধ গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ গবেষণার বিষয় হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স-এ পুলিশ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে। ১৯৭১ সালের মার্চে যখন পশ্চিম পাকিস্তান থেকে প্রতিদিন হাজার হাজার সৈন্য ঢাকায় আনা হচ্ছিল এবং স্বাধীনতাকামী মানুষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল, তখন সব পুলিশ সদস্যকে রাজারবাগে একত্রিত করে রাখার সিদ্ধান্তের পেছনে কী চিন্তা কাজ করেছিল, তা গবেষণার দাবি রাখে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে রাজারবাগ পুলিশের প্রতিরোধ এবং চট্টগ্রামে মেজর জিয়ার “উই রিভোল্ট” ঘোষণা স্বাধীনতার লড়াইকে অপ্রতিরোধ্য করে তুলেছিল।

অনুষ্ঠানে পুলিশ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, পুলিশের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও আত্মমর্যাদার প্রতিফলন দেখা গেছে তাদের প্যারেডে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও ২০২৪ সালের ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার কাজ করছে। মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে, বাংলাদেশ পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম। দেশীয় দায়িত্ব পালনের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশ পুলিশ আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করেছে।

নারী পুলিশ সদস্যদের ভূমিকাও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শুধু বিদেশে নয়, দেশের মানুষের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত।




কমেন্ট বক্স