ঢাকা

পুলিশের ৫০ শতাংশ ওভারটাইম ও সুদমুক্ত মোটরসাইকেল লোন দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
নির্দিষ্ট সময়ের বাইরেও বাড়তি কাজ করেন পুলিশের সদস্যরা। সেই সময়টুকুকে ওভারটাইম ধরা হলেও কোনো সম্মানি পান না। সে কারণে এবার ওভারটাইমের ৫০ শতাংশ টাকা দেওয়ার দাবি উঠেছে। এতে পুলিশের কাজে আরও গতি আসবে বলে তারা মনে করেন। 

রোববার (১০ মে) দুপুরে পুলিশ সপ্তাহের পুলিশ কল্যাণ মিটিংয়ে চট্টগ্রামের শিল্পাঞ্চলের ডিবি শাখার অতিরিক্ত পুলিশ সুপার রাসেলের পক্ষ থেকে এ দাবি তোলা হয়।

তিনি বলেন, পুলিশ নির্দিষ্ট ডিউটির বাইরেও অতিরিক্ত ঘণ্টা কাজ করে। কিন্তু ওভারটাইমের টাকা পায় না। এজন্য তিনি ওভারটাইম বাবদ ৫০ শতাংশ ভাতা দিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সচিবের কাছে দাবি জানান। 

এছাড়া সুদমুক্ত মোটরসাইকেল লোন চেয়েছেন পুলিশের এএসআই ও এসআই পদে থাকা সদস্যরা। পাশাপাশি মামলার তদন্তের বিল বৃদ্ধির দাবিও তোলা হয়েছে।

বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার এসব দাবি তুলেছেন। তিনি ঢাকা মেইলকে বলেন, ‘আমি মূলত দুটি দাবি তুলেছি। একটি মামলার তদন্ত বিল বৃদ্ধি, আরেকটি সুদমুক্ত মোটরসাইকেল লোন দেওয়ার জন্য।’

কামরুল ইসলাম বলেন, ‘আমাদের যা গাড়ি আছে তাতে তদন্ত কাজ ভালোভাবে চালানো যায় না। ফলে লোনে সুদমুক্ত মোটরসাইকেল দিলে তদন্তে গতি আসবে। মামলার তদন্ত ব্যয় বাবদ বরাদ্দ বৃদ্ধি এবং মোটরসাইকেল ক্রয়ের ক্ষেত্রে সুদমুক্ত ঋণ দেওয়ার আবেদন করেছি।’

তিনি আরও বলেন, ‘এখন বাংলাদেশ পুলিশে এসআই ২১ হাজার ১৬৪ জন এবং এএসআই ২২ হাজার ৭৩৮ জন রয়েছে। সব মিলে এএসআই ও এসআই ৪৪ হাজার জন। এটার অনুকূলে সরকারের বরাদ্দ মোটরসাইকেল আছে মাত্র ৭ হাজার ২১১টি। আমরা চাইছি আমাদের মামলার তদন্ত ক্ষেত্রে আমাদের অনেক সময় লাগে। ৪৪ হাজার অফিসারের বিপরীতে আছে মাত্র ৭ হাজার ২১১টি মোটরসাইকেল। তাদের ব্যক্তিগত মোটরসাইকেলের জ্বালানি বরাদ্দ এবং তাদেরকে ঋণের সময় সুদমুক্তভাবে যেন মোটরসাইকেল দেওয়া হয়, সে দাবিও করেছি।’

অন্যদিকে সিটি এসবির ডিআইজি আশরাফ পুলিশের রাজারবাগে থাকা ব্যারাকের ভবনগুলোর অবস্থা তুলে ধরেন এবং সেগুলো সংস্কার ও নতুন ভবন নির্মাণের দাবি জানান প্রধানমন্ত্রীর কাছে। 

এসময় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সকল দাবি শোনেন এবং সেগুলো পূরণ হবে বলে আশ্বাস দেন।




কমেন্ট বক্স