ঢাকা

ভিসি নিয়োগ কেন্দ্র করে সংঘর্ষে রণক্ষেত্র ডুয়েট

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ক্যাম্পাসজুড়ে অস্থির পরিস্থিতি তৈরি হয় এবং একাধিক শিক্ষার্থী আহত হন।

রোববার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীদের কর্মসূচিকে ঘিরে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, পরিস্থিতি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে উত্তেজনা তৈরি হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করে হামলা চালিয়েছে। এতে কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সম্প্রতি সরকারের পক্ষ থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।

নিয়োগ বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে ক্যাম্পাসে বিক্ষোভ চলছিল। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার সকালে নবনিযুক্ত ভিসিকে লাল কার্ড দেখানোর কর্মসূচি চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে শহীদ মিনার এলাকায় জমায়েতের পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া উচিত, যাতে প্রশাসনিক ও একাডেমিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য বজায় থাকে।

গাজীপুর সদর থানার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।



কমেন্ট বক্স