ঢাকা

সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সংবাদকর্মীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সোমবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত দুই দিনব্যাপী বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া ও নির্ধারিত সময়ে প্রবেশের অনুমতি না দেওয়ায় ক্ষুব্ধ সংবাদকর্মীরা সংবাদ সম্মেলন বর্জন করেন।

বুধবার (১২ নভেম্বর) এক ভিডিওবার্তায় বিসিবি সভাপতি ঘটনাটিকে “অনাকাঙ্ক্ষিত” বলে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “গত ১০ নভেম্বর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল… যখন বাইরে এসে দেখলাম যে আপনাদের উপযুক্ত সম্মান জানানো হয়নি এবং আমন্ত্রণ জানানোর পরও সেই মর্যাদা রক্ষা করা যায়নি। আপনাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।”

এর আগে, ৯ নভেম্বর বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকর্মীদের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার আহ্বান জানালেও, অনুষ্ঠানে প্রবেশ বা ফুটেজ ধারণের অনুমতি দেওয়া হয়নি। নির্ধারিত সময় বিকেল ৪টায় সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও, ৪টা ৪০ মিনিটের পর সাংবাদিকদের প্রবেশের আহ্বান জানানো হয়। এতে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকরা সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নেন।

ঘটনার সময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াঁ সাংবাদিকদের কাছে গিয়ে বয়কট প্রত্যাহারের অনুরোধ করেন। তবে সাংবাদিকরা জানান, প্রটোকল বা অনুমতি সংক্রান্ত কোনো ব্যাখ্যা না দেওয়ায় তাদের সম্মান ক্ষুণ্ন হয়েছে।

ভিডিওবার্তায় বিসিবি সভাপতি জানান, “যে বিভাগ বা ব্যক্তিদের কারণে এই ব্যর্থতা ঘটেছে, আমরা তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব।” তিনি আরও বলেন, “সাংবাদিকরা ক্রিকেটের উন্নয়নে বড় অংশীদার। ভুল আমরা করেছি, ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে সে চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা সবাই মিলে ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাব।”



কমেন্ট বক্স