ঢাকা

হেলমেটধারী সন্ত্রাসীদের গুলিতে যুবদল নেতা নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

কক্সবাজারের ঝিলংজায় সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ যুবদল নেতা মোহাম্মদ ফারুক (৩৪) মারা গেছেন। রোববার (২৮ ডিসেম্বর) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে গত ৯ ডিসেম্বর রাতে কক্সবাজার শহরের বাইপাস সড়কে মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। ফারুক কক্সবাজার বৃহত্তর বাস টার্মিনাল যুবদল ইউনিটের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, মৃত্যুর আগে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা যুবদলের সহদপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজি জানান, একই ঘটনায় গুলিবিদ্ধ আরেক যুবদল নেতা সাইফুল ইসলাম বর্তমানে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমিউদ্দিন বলেন, রোববার বিকেলে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ফারুকের ময়নাতদন্ত সম্পন্ন করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

পুলিশ জানায়, ৯ ডিসেম্বর রাতে ঝিলংজা এলাকার উত্তরণ আবাসিক এলাকার প্রধান সড়কে চিহ্নিত সন্ত্রাসী ‘বাবু বাহিনী’র হামলায় ফারুক ও সাইফুল ইসলাম গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ফারুককে ঢাকায় নেওয়া হয়। এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকে বান্দরবানের লামা উপজেলার একটি রিসোর্ট থেকে আটক করা হয়েছে।



কমেন্ট বক্স