ভোটের অনুপাতে উচ্চকক্ষের ১০০ আসন নির্ধারণের পক্ষে জনগণ রায় দিয়েছে বলে দাবি করেছেন ১১ দলীয় জোটের মুখপাত্র হামিদুর রহমান আযাদ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) জোটের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোট বিপুলভাবে জয়ী হওয়ায় এ বিষয়ে নোট অব ডিসেন্টের কোনো মূল্য নেই। এ সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো উদ্যোগ নিলে তা জনরায়ের প্রতি অসম্মান হবে বলেও মন্তব্য করেন তিনি।
হামিদুর রহমান আযাদ বলেন, হামলা ও সহিংসতা অব্যাহত থাকলে তারা রাজপথে নামবেন এবং রাজনৈতিকভাবেই তা মোকাবিলা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
তিনি আরও জানান, দেশের স্বার্থে ১১ দলীয় জোট সংসদের ভেতরে ও বাইরে সমন্বিতভাবে কাজ করবে। যেসব বিষয়ে সমাধান না হবে, সেগুলো রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
এ সময় তিনি অভিযোগ করেন, স্বল্প ব্যবধানে পরাজিত কয়েকটি আসনে পুনর্গণনার দাবি জানানো হলেও বাংলাদেশ নির্বাচন কমিশন তা গ্রহণ করেনি। দ্রুত গেজেট প্রকাশ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এসব আসনে ভোট পুনর্গণনার দাবিতে হাইকোর্টে রিট করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জোটের এই মুখপাত্র।
নিউজ ডেস্ক