বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সব কমিটি প্রকাশের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে রাকিবুল ইসলাম রাকিব বলেন, দেশে আর কোনো গুপ্ত রাজনীতি চলতে দেওয়া হবে না। জামায়াতে ইসলাম ও ছাত্রশিবিরের সব কমিটি প্রকাশ করতে হবে। তাদের নেতা-কর্মীদের পরিচয় ও ব্যক্তিগত-সামাজিক প্রেক্ষাপট যাচাইয়ের সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করেন, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ব্যক্তিগত, পারিবারিক বা সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে মব সৃষ্টি, শীর্ষ নেতাদের নামে কটূক্তি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। অনেক ক্ষেত্রে সত্য-মিথ্যার মিশ্রণে ফটোকার্ড তৈরি করে তা ছড়িয়ে দেওয়া হয় বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, এসব কর্মকাণ্ডে শিবির সরাসরি না এসে অন্যদের ব্যবহার করে।
জামায়াত-শিবিরকে ‘মোনাফেক’ আখ্যা দিয়ে ছাত্রদল সভাপতি আরও বলেন, তাদের বহু নেতা-কর্মীর পরিচয় দীর্ঘদিন প্রকাশ না থাকায় দলীয়ভাবে দায় এড়ানো সম্ভব হচ্ছে। এ ধরনের কৌশলগত রাজনীতি আর চলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সবশেষে তিনি বলেন, বিষয়টির রাজনৈতিক সমাধান চাওয়া হচ্ছে এবং অচিরেই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
নিউজ ডেস্ক