ঢাকা

রাতের আঁধারে ত্রাণ মন্ত্রীকে আ.লীগের দুই নেতার ফুলেল শুভেচ্ছা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু দায়িত্ব নেওয়ার পর শুক্রবার নিজ নির্বাচনি এলাকা লালমনিরহাট সদর উপজেলায় সফরে যান। তিন দিনের এ সফরে তিনি দলীয় নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এদিকে শনিবার রাত সাড়ে ৯টার দিকে জেলা সার্কিট হাউসে গিয়ে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান লালমনিরহাট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব এবং জেলা আওয়ামী লীগের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সাবেক অধ্যক্ষ সারোয়ার আলম।

মন্ত্রীকে শুভেচ্ছা জানানোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখা যায়।

জেলা আওয়ামী লীগের একাধিক নেতা দাবি করেন, সংশ্লিষ্ট দুই নেতা সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অবস্থান বদলেছেন এবং অতীতে বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন। তবে এ বিষয়ে অভিযুক্ত দুই নেতার মন্তব্য পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়ছে। এতে নানা পক্ষের সক্রিয়তা দেখা যাচ্ছে এবং তৃণমূল রাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে।

অন্যদিকে বিএনপির কয়েকজন নেতাকর্মী বলেন, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এখন সরকারের একজন মন্ত্রী। তাকে যে কেউ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা জানাতে পারেন। এতে আপত্তির কিছু নেই। কেউ আইন ভঙ্গ করে থাকলে তা দেখার দায়িত্ব প্রশাসনের।



কমেন্ট বক্স