রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। প্রথম ইউনিটে কমিশনিং লাইসেন্স পাওয়ায় উৎপাদন শুরুর আর কোনো বাধা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স ও উৎপাদন শুরুর অনুমোদন দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালক মো. কবীর হোসেন।
এর ফলে এ মাসের শেষদিকে প্রথম ইউনিটের চুল্লিতে পারমাণবিক জ্বালানি প্রবেশ করানোর কাজ শুরু হতে পারে। ধাপে ধাপে এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। এখানে রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট দুটি ১,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট নির্মাণ করছে।
প্রকল্প সূত্র জানায়, চুল্লিতে জ্বালানি প্রবেশ করাতে প্রায় এক মাস সময় লাগবে। এরপর পর্যায়ক্রমে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলবে। সব প্রক্রিয়া সম্পন্ন হলে প্রথম ইউনিট থেকে বাণিজ্যিক উৎপাদন আগামী জুলাইয়ে শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।
তবে বিশেষজ্ঞদের মতে, জ্বালানি প্রবেশের পর অন্তত ছয় মাস ধরে পরীক্ষামূলক উৎপাদন ও আন্তর্জাতিক অনুমোদন প্রক্রিয়া চলবে। সে ক্ষেত্রে সেপ্টেম্বরের আগে বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা কম।