পটুয়াখালী জেলা প্রতিনিধি"
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় চাচাতো ভাইয়ের হাতে বড় ভাই খুনের মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের কাচারিকান্দা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত সহিদুর মোল্লা (৪৫) ওই গ্রামের মোতাহার মোল্লার ছেলে। অভিযোগ রয়েছে, তার আপন চাচাতো ভাই দুলাল মোল্লা পারিবারিক বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। দুলাল মোল্লা একই এলাকার বাসিন্দা এবং তার পিতা কাঞ্চন মোল্লা।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সহিদুর মোল্লাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. নূর উদ্দিন জানান, “হাসপাতালে আনার আগেই সহিদুর মোল্লার মৃত্যু হয়েছে। তার শরীরে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।” তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পরপরই স্থানীয় জনতা অভিযুক্ত দুলাল মোল্লাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সৈয়দুজ্জামান বলেন, “প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক দ্বন্দ্বের জেরেই এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে
নিউজ ডেস্ক