রাজনৈতিক ও কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সফরে চীন যাচ্ছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
রোববার (১৯ এপ্রিল) রাতে মির্জা ফখরুল বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তার একদিন পরই আন্তর্জাতিক একটি সম্মেলনে যোগ দিতে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা।
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে সম্প্রতি বিএনপির ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেশটি সফর করছে। ওই দলের সঙ্গে বেইজিংয়ে যুক্ত হবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের কথা রয়েছে।
সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে চীন আগ্রহী। বিএনপি সরকার গঠনের পর এটি চীনে দলের প্রথম বড় রাজনৈতিক সফর। ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে, সোমবার (২০ এপ্রিল) চীনের ‘থার্ড হাই-লেভেল কনফারেন্স অব দ্য ফোরাম অন গ্লোবাল অ্যাকশন ফর শেয়ারড ডেভেলপমেন্ট’ শীর্ষক সম্মেলনে যোগ দিতে বেইজিং যাচ্ছেন রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি সেখানে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন এবং বক্তব্যও দেবেন।
সরকারি এক কর্মকর্তা বলেন, ফোরামটি মূলত একাডেমিক হলেও এর রাজনৈতিক গুরুত্ব রয়েছে। বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ (জিডিআই) নিয়ে চীন তাদের অবস্থান এ ধরনের ফোরামের মাধ্যমে তুলে ধরে।
২১ ও ২২ এপ্রিল বেইজিংয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ২০টির বেশি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি অংশ নেবেন।
মির্জা ফখরুলের নেতৃত্বাধীন বিএনপির প্রতিনিধিদল ২২ এপ্রিল এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ২৩ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।
নিউজ ডেস্ক