ঢাকা

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হয়ে আসছেন দীনেশ ত্রিবেদী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যারাকপুরের সাবেক এই সংসদ সদস্য ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। তিনি এর আগে রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্বে থাকা প্রণয় ভার্মাকে ইতোমধ্যে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন দীনেশ ত্রিবেদী।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, শেষ মুহূর্তে কোনো পরিবর্তন না হলে পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রক্রিয়া শেষে দীনেশ ত্রিবেদীর ঢাকায় দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।

এর আগে এই পদে বিহারের সাবেক রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের নামও আলোচনায় ছিল। তবে শেষ পর্যন্ত দীনেশ ত্রিবেদীকেই চূড়ান্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে।

এছাড়া হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় সরকার ৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদীকে ঢাকায় হাইকমিশনার হিসেবে মনোনীত করলেও বিষয়টি এখন বাংলাদেশের সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, একজন রাজনৈতিক অভিজ্ঞ ব্যক্তিকে এই দায়িত্বে পাঠানোকে কূটনৈতিক ক্ষেত্রে একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে, যেখানে সাধারণত ভারতের পররাষ্ট্র পরিষেবার কর্মকর্তারাই এ ধরনের পদে নিয়োগ পান।

দীনেশ ত্রিবেদী দীর্ঘদিন পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বাংলা ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে পরিচিত এবং একজন সেতারবাদক হিসেবেও পরিচিত।

সূত্র: এনডিটিভি




কমেন্ট বক্স