বরগুনার আমতলী উপজেলা ও তালতলী উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন আমতলীর কলাগাছিয়া গ্রামের আতাহার সিকদার (৭৫) এবং তালতলীর দক্ষিণ কড়াইবাড়িয়া গ্রামের সোহেল খাঁন (৩০)।
জানা গেছে, আজ সকালে ফজরের নামাজ শেষে বাড়ির বাইরে বের হলে রাস্তার ওপর পড়ে থাকা ছেঁড়া বৈদ্যুতিক তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আতাহার সিকদার। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে তালতলীতে রান্নাঘরের বৈদ্যুতিক তারে হাত দিলে সোহেল খাঁন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে তার বাবা আজিজ খাঁনও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন এবং আহত আজিজ খাঁনকে বরিশালে পাঠানো হয়।
তালতলী থানার ওসি মোঃ শরিফুল ইসলাম জানান, বাবা-ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হন, এর মধ্যে ছেলে মারা গেছেন।
আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ সাইদুল ইসলাম জানান, নিহত বৃদ্ধকে পরিবারের পক্ষ থেকে দাফন করা হয়েছে।
এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, নিহতদের পরিবার আবেদন করলে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।
নিউজ ডেস্ক