গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় প্রেমঘটিত জটিলতার জেরে একসাথে বিষপানের ঘটনায় মিম আক্তার (১৯) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার প্রেমিক পরশ প্রধান (২১) গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১৯ এপ্রিল) সকালে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মিম আক্তারের মৃত্যু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পরশ প্রধানকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মিম আক্তার উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের শফিউল ইসলামের মেয়ে। অপরদিকে আহত পরশ প্রধান একই গ্রামের আব্দুল হামিদ প্রধানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিম আক্তার ও পরশ প্রধানের মধ্যে দীর্ঘদিন ধরে গোপনে প্রেমের সম্পর্ক চলছিল। কয়েক মাস আগে পারিবারিকভাবে মিমের অন্যত্র বিয়ে হলেও তাদের মধ্যে যোগাযোগ অব্যাহত ছিল।
সম্প্রতি মিম বাবার বাড়িতে বেড়াতে এলে তাদের মধ্যে পুনরায় যোগাযোগ হয় এবং একপর্যায়ে অভিমান ও মানসিক টানাপোড়েনের সৃষ্টি হয়।এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (১৭ এপ্রিল) সকালে তারা দু’জনই একসাথে বিষপান করেন বলে জানা গেছে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় মিম আক্তারের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং রোববার বিকালে আনুমানিক-২.১০ মিনিটে তিনি মারা যান। অন্যদিকে পরশ প্রধানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম জানান, “মিম আক্তার নামে এক নারীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে শোক ও নানা আলোচনা চলছে।
নিউজ ডেস্ক