ঢাকা

স্বাস্থ্যসেবায় সমতা জবাবদিহিতা ও অংশগ্রহণ জোরদারে বরগুনায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সমন্বয় সভা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: মিরর নিউজ ছবি: মিরর নিউজ
বরগুনা প্রতিনিধি: স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সমতা, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বরগুনায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্যদের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) জাগো নারী প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, বরগুনা; সহযোগিতায় ছিল জাগো নারী ও বাংলাদেশ হেলথ ওয়াচ।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ডিরেক্টর শেখ মাসুদুল আলম, প্রোগ্রাম ম্যানেজার মোঃ মোরশেদ আলম এবং কমিউনিকেশন অফিসার নওশীন মৌলি ওয়ারেসি। তারা স্বাস্থ্য খাতে নাগরিকদের অধিকার নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মোঃ হাসানুর রহমান ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক মনির হোসেন কামাল এবং সাধারণ সম্পাদক হয়েছেন জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি।

এ সময় বিভিন্ন সদস্য তাদের বক্তব্যে বরগুনার স্বাস্থ্যখাতের বিদ্যমান সমস্যা, সেবার মানোন্নয়ন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে মতামত তুলে ধরেন। বক্তব্য দেন হারুনুর রশিদ হাওলাদার, জাহাঙ্গীর কবীর মৃধা, তালুকদার মোঃ আসাদ, মালেক মিঠু, ফেরদৌসী মহুয়া, জাগনারীর পরিচালক গোলাম মোস্তফা, ফোকাল আফরোজ সুলতানা আঁখিসহ অনেকে।

সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে স্বাস্থ্য খাতে সুশাসন প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। এজন্য সরকারি-বেসরকারি সংস্থা, নাগরিক সমাজ এবং গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা নতুন কমিটির মাধ্যমে স্বাস্থ্য অধিকার বিষয়ে আরও কার্যকর ভূমিকা পালনের আশাবাদ ব্যক্ত করেন।

সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতে স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।



কমেন্ট বক্স