তেজগাঁও থানার বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম এবং তার দেড় মাস বয়সী শিশু জামিন পেয়েছেন।
বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার।
এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।
মুক্তির সময় সকাল থেকেই তার সহকর্মীরা কারাগারের ফটকে উপস্থিত ছিলেন।
তেজগাঁও এলাকার শ্রমিক লীগ নেতা আলমগীর হোসেন বলেন, তিনি তাদের এলাকার পরিচিত একজন বড় বোন। তারা একসঙ্গে রাজনীতি করেছেন। তার বিরুদ্ধে হওয়া ঘটনাকে তিনি অন্যায় হিসেবে উল্লেখ করে বলেন, মিডিয়ায় বিষয়টি প্রচারের কারণে আদালত মানবিক দিক বিবেচনায় জামিন দিয়েছেন। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল।
কারাগারের সামনে শিল্পী বেগম বলেন, তাকে পুলিশ সরাসরি গ্রেপ্তার করতে চায়নি, বরং বিএনপির লোকজন তাকে ধরিয়ে দিয়েছে। তিনি জানান, তিনি আওয়ামী লীগের সমর্থক হলেও কোনো পদ-পদবি নেই। মুক্তি পাওয়ায় তিনি আইনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত সোমবার (২০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানার রেলওয়ে কলোনি স্টেশন রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মঙ্গলবার রাতে তিনি তার দেড় মাস বয়সী দুগ্ধপোষ্য কন্যাসন্তান কাইফা ইসলাম সিমরানকে সঙ্গে নিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যান।