কুমিল্লার চান্দিনায় পরিবারের কাছে মাদকের টাকা না পেয়ে নিজ বসত ঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে এনামূল হাসান (২৬) নামে মাদকাসক্ত এক যুবকের বিরুদ্ধে।
রোববার (১৯ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার দোল্লাই নোয়াবপুর ইউনিয়নের কেগলা গ্রামে এ ঘটনা ঘটে।
টানা দুই ঘণ্টা জ্বলতে থাকা আগুনে পুড়ে গেছে ওই পরিবারের বসতঘর, আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালঙ্কার। এতে অন্তত ৮ লাখ টাকার ক্ষতি হয় বলে দাবি করে পরিবারটি।
স্থানীয় ও নিকটাত্মীয়রা জানান, কেগলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো: নূরুল ইসলাম ডাক্তারের বড় ছেলে এনামূল হাসান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রায়ই মাদকের টাকার জন্য পরিবারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করত। রোববার সকাল থকে টাকার জন্য চাপ প্রয়োগ করে। পরিবার তাকে টাকা না দেয়ায় ক্ষুব্ধ হয়ে এনামূল হাসান নিজ ঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। মুহুর্তেই ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। প্রায় দুই ঘণ্টার আগুন স্থানীয়দের সহায়তায় নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পুড়ে যায় পুরো বসতঘরটি।
এনামূল হাসানের বড় বোন হাবিবা জানান, গত চার মাস এনামূলের অত্যাচার কয়েকগুণ বেড়েছে। রোববার রাত অনুমান ৮টার দিকে এনামূল একটি সিএনজি অটোরিকশা যোগে বাড়িতে আসে। অটোরিকশাটি দাঁড় করিয়ে রেখে সে পেট্রোলের বোতল হাতে নিয়ে বসতঘরে ঢুকে এবং অগ্নিসংযোগ করে আবারো সেই সিএনজি অটোরিকশায় করে পালিয়ে যায়। বর্তমানে আমার মা’সহ আমরা জীবনের নিরাপত্তা ঝুঁকিতে আছি।
দোল্লাই নোয়াবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান মিয়া জানান, ঘটনাটি সত্য। গত ৬ মাস আগেও আমরা তার একটি সালিশ দরবার করেছি। এনামূল হাসান মাদকের জন্যই এ ঘটনা ঘটায়। প্রশাসন দ্রুত মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে।
এ ব্যাপারে অভিযুক্ত এনামূল হাসানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি অগ্নিসংযোগ করিনি। তবে ওই স্থানে আমি পাকা ভবন করবো। টিনের ঘরটি ভাঙ্গার জন্য মিস্ত্রির সাথে যোগাযোগ করেছিলাম কিন্তু মিস্ত্রি যে টাকা চায় তাতে ঘরের দামও এতো হবে না’। এনামূল হাসানের আরো কথোপকথনে তার কথায় যথেষ্ট অসঙ্গতি পাওয়া যায়।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আতিকুর রহমান জানান, মাদকাসক্ত ছেলে নিজ ঘরে অগ্নিসংযোগের ঘটনার কথা আমরা শুনেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাদকের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এ ধরনের সমস্যা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।