ঢাকা

অক্ষয় তৃতীয়ায় কুয়াকাটায় ধর্মীয় উৎসব, গঙ্গাস্নানে ভক্তদের সমাগম

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
অক্ষয়ষয় পুণ্যলাভের আশায় অক্ষয় তৃতীয়া উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত-এ গঙ্গাস্নানে অংশ নিয়েছেন হাজারো সনাতন ধর্মাবলম্বী। সোমবার (২০ এপ্রিল) ভোর থেকে দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পবিত্র এই তিথি উদযাপিত হয়।


হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি উপলক্ষে আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের উদ্যোগে ভোর ৫টা থেকে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। এতে আহ্বানী, সমবেত প্রার্থনা, মঙ্গলঘট স্থাপন, শ্রী শ্রী বিষ্ণু পূজা এবং গঙ্গা মায়ের পূজা অনুষ্ঠিত হয়। পরে ‘সাগরকন্যা’ খ্যাত কুয়াকাটা সৈকতে অনুষ্ঠিত হয় গঙ্গাস্নান।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অক্ষয় তৃতীয়া হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি পবিত্র দিন। এই দিনে পরশুরাম-এর জন্ম হওয়ায় এটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালিত হয়। এছাড়া মহাভারত রচনার সূচনাদিন এবং রাজা ভগীরথের মাধ্যমে গঙ্গা দেবীর মর্ত্যে আগমনের স্মৃতিবিজড়িত দিন হিসেবেও এ তিথির বিশেষ গুরুত্ব রয়েছে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী জয়দেব ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরপ্রিয়া দেবী ও পরমপূজ্যপাদ ঋত্বিক মহারাজ ডা. রাধাস্বামী।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পরিতোষ রায়, নলছিটি উপজেলার সাবেক চেয়ারম্যান ছিদ্দিকুর রহমানসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্তবৃন্দ। অনুষ্ঠানে ভাগবত আলোচনা করেন গৌর গোবিন্দ দাস, শ্যামল সুন্দর দাস ও গোবিন্দ দেবনাথ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রতন জ্যোতি দাস ব্রহ্মচারী।

ভক্তদের বিশ্বাস, এদিন গঙ্গাস্নান করলে অক্ষয় পুণ্য লাভ করা যায় এবং জীবনের দুঃখ-কষ্ট দূর হয়ে সুখ-সমৃদ্ধি আসে। এই বিশ্বাসকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো ভক্ত কুয়াকাটায় সমবেত হন।

দিনভর ভক্তদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে সৈকত এলাকা। গঙ্গাস্নান শেষে অনেককে গীতা পাঠ, প্রার্থনা এবং অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়।
কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন মন্ডল জানান, “প্রতিবছরের মতো এবারও যথাযথ মর্যাদায় অক্ষয় তৃতীয়ার অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। প্রশাসনের সহযোগিতায় আগত ভক্তদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।



কমেন্ট বক্স