জ্বালানির দাম বৃদ্ধির প্রভাবে পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের দাম বাড়ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, জ্বালানির সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া সমন্বয়ের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে এবং তা যৌক্তিকভাবে নির্ধারণের চেষ্টা করা হচ্ছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান জানান, ভাড়া বৃদ্ধির প্রভাব শুধু বাসে সীমাবদ্ধ থাকবে না, বরং ট্রাক ভাড়া বাড়লে তা সরাসরি নিত্যপণ্যের দামে প্রভাব ফেলবে। তিনি বলেন, সরকারকে ভোক্তা ও ব্যবসায়ী—উভয় পক্ষের স্বার্থ বিবেচনা করতে হয় এবং এমন একটি অবস্থানে পৌঁছানোর চেষ্টা চলছে, যেখানে সবার ক্ষতি কম হয়।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে কিছুটা ভোগান্তি মেনে নেওয়ার প্রয়োজন রয়েছে, যা বৈশ্বিক পরিস্থিতির সঙ্গেও সম্পর্কিত।
জ্বালানির সরবরাহ পরিস্থিতি নিয়ে তিনি জানান, বড় ধরনের সংকট নেই, তবে চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় কিছু জায়গায় চাপ তৈরি হয়েছে। কিছু পাম্পে ১০ থেকে ১৫ শতাংশ ঘাটতি রয়েছে, যা বৈশ্বিক প্রবণতার অংশ বলেও উল্লেখ করেন তিনি। অতিরিক্ত চাহিদা ও আতঙ্কজনিত ক্রয়ের কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে জানান উপদেষ্টা।
দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, অনেক সময় জ্বালানির দাম বাড়ার অজুহাতে পণ্যের দাম প্রয়োজনের তুলনায় বেশি বাড়ানো হয়। এ প্রবণতা নিয়ন্ত্রণে সরকার কাজ করছে।
সবশেষে তিনি বলেন, মূল্যবৃদ্ধির প্রভাব সবার ওপর সমানভাবে পড়ে না। নিম্নআয়ের মানুষের ওপর চাপ বেশি পড়ে। তাদের সহায়তায় সরকার প্রয়োজন অনুযায়ী কর্মসূচি বাড়ানোর কথাও জানান তিনি।
নিউজ ডেস্ক