ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ থানায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় সাংবাদিক আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
শুক্রবার (২৪ এপ্রিল) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, একটি বিতর্কিত ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রকাশ্য ও গোপন শিবিরের নেতাকর্মীদের মধ্যে তৈরি হওয়া মব পরিস্থিতি এবং ছাত্রদলের কিছু বিক্ষুব্ধ নেতাকর্মীর উত্তেজনার কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হন বলে তারা জানতে পেরেছেন।

ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করে নাছির উদ্দীন নাছির বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাংবাদিকদের নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে অবস্থান করে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সাংবাদিক সমিতির ভূমিকা প্রশংসনীয় ছিল বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে কোনো সাংবাদিকই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানি বা হামলার শিকার হবেন না।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী, তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে একটি বিকৃত ফটোকার্ড ছড়ানোর অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ থানা এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে ওই ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় ডাকসুর দুই শীর্ষ নেতাসহ অন্তত ১০ জন সাংবাদিক আহত হন বলে জানা গেছে। যদিও ফ্যাক্টচেক প্রতিষ্ঠানগুলো নিশ্চিত করেছে, যে পোস্টটি ঘিরে এত উত্তেজনা সেটি ‘ভুয়া’ ও ‘এডিট করা’ ফটোকার্ড।
নিউজ ডেস্ক