ঢাকা

সিলেটে লোডশেডিং বেড়েছে গ্যাস সংকটে, সমাধানে কাজ চলছে : বাণিজ্যমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত
 
জেলা প্রতিনিধি, সিলেট : সিলেটে বিদ্যুৎ সংকট বেড়েছে গ্যাস ঘাটতির কারণে—এমনটাই জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। শুক্রবার সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে লোডশেডিং বৃদ্ধির মূল কারণ জ্বালানি গ্যাসের সীমাবদ্ধতা।

মন্ত্রী জানান, দেশের বিদ্যুৎ উৎপাদনের বড় অংশ এখনও গ্যাসনির্ভর। অথচ দেশে উৎপাদিত গ্যাসের পরিমাণ তুলনামূলক কম এবং আমদানির ওপর নির্ভর করতে হচ্ছে। প্রয়োজনীয় অর্থ থাকলেও নানা জটিলতার কারণে চাহিদা অনুযায়ী গ্যাস আমদানি করা যাচ্ছে না, যার প্রভাব পড়ছে বিদ্যুৎ সরবরাহে।

তিনি আরও বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন অব্যবস্থাপনার মুখোমুখি হয়েছে, যা ধাপে ধাপে সমাধানের চেষ্টা চলছে। গ্যাস সংকট কাটাতে এলএনজি আমদানির সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, ডিজেলের মূল্য ১৫ শতাংশ বাড়ানো হলেও তা সামগ্রিক মূল্যস্ফীতিতে বড় প্রভাব ফেলবে না। তার মতে, পরিবহন ব্যয়ে সামান্য বৃদ্ধি পণ্যমূল্যে খুব সীমিত প্রভাব ফেলবে।

একই সফরে বাসিয়া খাল পুনঃখনন প্রকল্প নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ এই খালের ২৩ কিলোমিটার পুনঃখনন করা হবে, যা সিলেট ও পার্শ্ববর্তী এলাকার কৃষিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এতে প্রায় ৯০ হাজার কৃষক উপকৃত হবেন এবং প্রায় ২০ হাজার হেক্টর জমিতে অতিরিক্ত ফসল উৎপাদন সম্ভব হবে।

মন্ত্রী আরও জানান, আগামী ২ মে তারেক রহমান এই প্রকল্পের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।



কমেন্ট বক্স