মাগুরা প্রতিনিধি: মাগুরায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী অভিযোগ করেছেন, বিগত ১৮ বছরে ফ্যাসিস্ট সরকার দেশের সংস্কৃতিচর্চাকে বাধাগ্রস্ত করেছে। তিনি বলেন, সেই সময়ে সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে ওঠেনি; বরং সাংস্কৃতিক উন্নয়নের পরিবর্তে বিপুল অর্থ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে, যা দেশের জন্য কলঙ্কজনক।
শনিবার বিকেলে মাগুরা চেম্বার অব কমার্সের আয়োজনে শহরের স্টেডিয়াম সংলগ্ন শিশু মাঠে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও জানান, বর্তমান সরকার সংস্কৃতির বিকাশে গুরুত্ব দিচ্ছে এবং বিশ্বাস করে যে, একটি দেশের সাংস্কৃতিক চর্চা যত উন্নত, সে দেশ তত বেশি সমৃদ্ধ।
তিনি বলেন, মাগুরা ঐতিহ্যগতভাবে সংস্কৃতিচর্চায় সমৃদ্ধ একটি অঞ্চল। একসময় গ্রামে গ্রামে পালাগান, জারি-সারি, নৌকাবাইচ, ঘোড়দৌড়সহ নানা লোকজ আয়োজন ছিল। বিশেষ করে ক্যাতায়নী উৎসব উপমহাদেশের অন্যতম আকর্ষণ হিসেবে মাগুরাকে সমৃদ্ধ করেছে। বৈচিত্র্যের মধ্য দিয়ে ঐক্য প্রতিষ্ঠা করে সাংস্কৃতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। মাগুরা চেম্বার অব কমার্সের সভাপতি মো. আক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ এবং জামায়াত ইসলামী বাংলাদেশ মাগুরা জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ফরিদ হোসেন খান।
মাসব্যাপী এই মেলায় প্রায় ৭০টি স্টল অংশ নিয়েছে। স্টলগুলোতে বিভিন্ন ধরনের খাবার, নারীদের শাড়ি, শিশুদের পোশাক, খেলনা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে। পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, ঝুলন্ত নৌকাসহ নানা রাইডের ব্যবস্থাও রাখা হয়েছে।
নিউজ ডেস্ক