নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করে বিএনপি ক্ষমতায় এসেছে— জামায়াত আমিরের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জামায়াত আমির শফিকুর রহমান ও তার দল বাস্তবতা থেকে বিচ্ছিন্নভাবে কথা বলে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে তিনি এসব মন্তব্য করেন।
ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের মতে, ওই নির্বাচন ছিল দেশের ইতিহাসে অন্যতম অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। তিনি বলেন, বিএনপি সেই নির্বাচনে জনগণের সমর্থনে ২১৩টি আসন পেয়ে সরকার গঠন করেছে। তাই ‘ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তিনি সরাসরি প্রত্যাখ্যান করেন।
তিনি আরও বলেন, একটি মহল বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে চায়। ৫ আগস্টের পর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, তা বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন।
ফখরুল জনগণ ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং রাজনৈতিকভাবে যেকোনো অপচেষ্টা মোকাবিলা করতে হবে।
আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দলের সমাবেশের কথাও উল্লেখ করেন তিনি। ওই সমাবেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। কর্মসূচিটি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানান বিএনপি মহাসচিব।
নিউজ ডেস্ক
