রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তর করতে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (২৯ এপ্রিল) সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
প্রধানমন্ত্রী জানান, নাগরিক সচেতনতা বাড়াতে নিয়মিত প্রচারণা চালানো হচ্ছে এবং বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক করতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন উন্নয়ন, সবুজায়ন এবং পরিবেশবান্ধব ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, নগর সবুজায়নের অংশ হিসেবে সড়কের মিডিয়ান, উন্মুক্ত স্থান ও মেট্রোরেলের নিচের ফাঁকা জায়গায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে লক্ষাধিক গাছ লাগানোর পরিকল্পনাও রয়েছে।
বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে। আধুনিক বাস সার্ভিস চালু ও ২৫০টি বৈদ্যুতিক বাস সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহন ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে।
নদী ও খাল দূষণ রোধে শিল্পপ্রতিষ্ঠানে ইটিপি স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে এবং দূষণ পর্যবেক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে রাজধানীর খাল ও নদীগুলোর দূষণের উৎস চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, সমন্বিত পরিকল্পনা ও ধারাবাহিক বাস্তবায়নের মাধ্যমে ধীরে ধীরে ঢাকাকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা সম্ভব হবে।