প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে অনুপস্থিত থাকলে অনেক সংসদ সদস্য বক্তব্য দিতে অনাগ্রহ দেখান—এমন মন্তব্য করেছেন চিফ হুইপ।
সোমবার জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার ও চিফ হুইপের আলোচনায় বিষয়টি উঠে আসে। অধিবেশন চলাকালে স্পিকার একাধিকবার বক্তার নাম ঘোষণা করলেও নির্ধারিত সদস্য বক্তব্য দিতে না আসায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।
নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের নাম ঘোষণা করা হলে তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। এ সময় স্পিকার চিফ হুইপকে উদ্দেশ করে বলেন, তালিকা দেওয়া হলেও বক্তা পাওয়া যাচ্ছে না।
জবাবে চিফ হুইপ বলেন, তালিকাভুক্ত সদস্যদের সঙ্গে কথা বলা হলেও একটি বড় সমস্যা হচ্ছে—প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত নেই। তার ভাষায়, “প্রধানমন্ত্রী সংসদের প্রাণ। তিনি থাকলে সদস্যরা বেশি আগ্রহ নিয়ে বক্তব্য দেন।”
তবে এ সময় লুৎফুজ্জামান বাবর দাঁড়িয়ে দাবি করেন, তার সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।
এদিকে সংসদে মন্ত্রীদের উপস্থিতি কম থাকায় স্পিকার ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, সদস্যরা এলাকার নানা সমস্যা তুলে ধরেন, যা মন্ত্রীদের শোনা জরুরি।
জবাবে চিফ হুইপ জানান, অনেক মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রীয় সফরে থাকলেও ৩০ থেকে ৪০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী সংসদে উপস্থিত আছেন এবং তারা কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।
শেষে স্পিকার বলেন, সংসদ অধিবেশনে উপস্থিত থাকার গুরুত্ব সবারই উপলব্ধি করা উচিত।
নিউজ ডেস্ক