ঢাকা

কলেজ মাঠে পাথর–বালু রাখায় বন্ধ খেলাধুলা, অপসারণে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : মিরর নিউজ ছবি : মিরর নিউজ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলার একটি কলেজ মাঠে ঠিকাদারি কাজের পাথর ও বালু রাখায় শিক্ষার্থী ও স্থানীয় তরুণদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। এ নিয়ে এলাকায় ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

উপজেলার বড়বিল ইউনিয়নের পাকুড়িয়া শরীফ ডিগ্রি কলেজ মাঠে সম্প্রতি পাথর ও বালু ফেলা হয়। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রাতারাতি এসব নির্মাণসামগ্রী মাঠে রেখে যায়।

২০০২ সালে প্রতিষ্ঠিত কলেজটির মাঠটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পাশাপাশি আশপাশের বেতগাড়ি, বড়বিলসহ বিস্তীর্ণ এলাকার ক্রীড়ামোদী তরুণদের একমাত্র খেলাধুলার স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এর আগে সড়ক নির্মাণকাজের সামগ্রী রাখার কারণে মাঠটি নষ্ট হয়ে গেলে ২০২৪–২৫ সালে স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যোগে মাঠটি সংস্কারের চেষ্টা করেন। পরে ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকেও মাঠটি খেলাধুলার উপযোগী করা হয়।


স্থানীয় সূত্র জানায়, সড়ক ও জনপদ বিভাগের একটি প্রকল্পের কাজে ব্যবহারের জন্য পাথর ও বালু মাঠে রাখা হয়েছে। এতে বর্তমানে মাঠে সব ধরনের খেলাধুলা বন্ধ রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য বুলবুল বলেন, এটি আমাদের এলাকার একমাত্র খেলার মাঠ। অনেক কষ্টে এটিকে খেলাধুলার উপযোগী করা হয়েছে। কিন্তু কিছু ব্যক্তির স্বার্থে আবারও মাঠটি নষ্ট করা হচ্ছে। দ্রুত এসব সরিয়ে নেওয়া প্রয়োজন।

কলেজের অধ্যক্ষ  আব্দুল গনি বলেন, মাঠে নির্মাণসামগ্রী রাখার আগে তার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। পরে বিষয়টি জানতে পেরে তিনি আপত্তি জানিয়েছেন এবং দ্রুত অপসারণের দাবি করেছেন।

অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রেজওয়ান বলেন, প্রশাসনের নির্দেশনা পেয়েছেন এবং শিগগিরই মালামাল সরিয়ে নেবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, কলেজ মাঠে অবৈধভাবে রাখা পাথর ও বালু সরিয়ে নিতে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




কমেন্ট বক্স