যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি সংসদে উপস্থাপনের দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
বুধবার সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশ্নোত্তর পর্ব শেষে তিনি পয়েন্ট অব অর্ডারে এ দাবি তোলেন।
রুমিন ফারহানা বলেন, নির্বাচনের আগে স্বাক্ষরিত এই চুক্তিতে বাংলাদেশের স্বার্থবিরোধী কিছু ধারা রয়েছে বলে তখনই আপত্তি উঠেছিল। তিনি আরও দাবি করেন, সরকারের চাইলে ৬০ দিনের মধ্যে চুক্তিটি বাতিল করার সুযোগ রয়েছে।
তিনি জানান, সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠকে দুই দেশের বাণিজ্য ঘাটতি, কৃষি ও জ্বালানি আমদানি, ব্যবসা পরিবেশ উন্নয়ন এবং বিনিয়োগ নীতির সংস্কারসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে।
রুমিন ফারহানা বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যেই এই চুক্তি করা হয়েছে, তবে এটি নিয়ে প্রশ্ন রয়েছে।
তিনি চুক্তি স্বাক্ষরের সময় নিয়েও সমালোচনা করে বলেন, নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এটি স্বাক্ষরিত হয়, যা নিয়ে তখনও বিতর্ক ছিল।
তবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, এটি পয়েন্ট অব অর্ডারের আওতায় পড়ে না এবং এটি একটি নতুন বিষয় হওয়ায় নিয়ম অনুযায়ী নোটিশ দিতে হবে।
পরে রুমিন ফারহানা আরও সময় চাইলেও স্পিকার তা গ্রহণ করেননি এবং বিষয়টি নোটিশ আকারে উপস্থাপনের পরামর্শ দেন।
নিউজ ডেস্ক