ঢাকা

ইবিস্থ বরিশাল বিভাগ ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বরিশাল বিভাগ ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে এই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। 

এদিন বেলা ১১টায় কুরআন তিলাওয়াত ও বরিশালের আঞ্চলিক গানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল নোমান। পরে নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এরপর বরিশাল বিভাগস্থ বিভিন্ন জেলার পরিচিতি তুলে ধরে বক্তব্য দেয় নবীন শিক্ষার্থীরা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রাহাত।

অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে নতুন কমিটি গঠনের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কমিশনার হিসেবে ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম. শামছুল হক সিদ্দিকী এবং অধ্যাপক ড. মাহবুবুর রহমান। নির্বাচনের ফলাফল আগামী রবিবার প্রকাশ করা হবে বলে জানান নির্বাচন কমিশনার। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দার আলী, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জহুরা খাতুন, সহকারী রেজিস্ট্রার নজিবুল ইসলাম ও দপ্তর সম্পাদক আরিফ বিল্লাহসহ সংগঠনটির শতাধিক শিক্ষার্থী।

সংগঠনটির সভাপতি আবদুল্লাহ আল নোমান বলেন, বরিশাল বিভাগ ছাত্রকল্যাণ সমিতি ইবির একটি বৃহৎ ছাত্র সংগঠন। সংগঠনের সকলের সহযোগিতায় আমরা এই পর্যন্ত এসেছি। এই সংগঠন ক্যাম্পাসে বিভিন্ন কল্যাণমূলক কাজ করেছে। ক্যাম্পাসে আমরা বিভিন্ন রকমের অনেকগুলো গাছ রোপণ করেছি। শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ও সহযোগিতায় কাজ করেছি। আমরা ভবিষ্যতেও সংগঠনের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।

সংগঠনটির উপদেষ্টা ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দার আলী বলেন, শিক্ষার মাধ্যমে বরিশাল বিভাগের সুনাম দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। তোমরা সেই ধারাবাহিকতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো। অনেক পড়াশোনা ও সংগ্রাম করে তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো। তোমাদের সেই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। পড়াশোনার প্রতি বেশি মনোযোগী হতে হবে। পাশাপাশি অন্যান্য কাজ করতে হবে। এই শিক্ষার্থীরাই বরিশালের সুনাম ও ঐতিহ্য ধরে রাখবে।



কমেন্ট বক্স