ইরানকে কেন্দ্র করে বাড়তে থাকা আন্তর্জাতিক উত্তেজনার মধ্যে জার্মানিতে অবস্থানরত মার্কিন সেনা কমানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, জার্মানিতে মোতায়েন সেনাসংখ্যা কমানোর বিষয়টি তার প্রশাসন পর্যালোচনা করছে এবং এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
সম্প্রতি জার্মান চ্যান্সেলরের একটি মন্তব্যকে কেন্দ্র করে এ উত্তেজনার সূত্রপাত। তিনি ইরান প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থানকে দুর্বল বলে উল্লেখ করলে ট্রাম্প তা কঠোরভাবে প্রত্যাখ্যান করেন এবং প্রতিক্রিয়ায় সেনা কমানোর ইঙ্গিত দেন।
এ ছাড়া ইরানকে ঘিরে সম্ভাব্য সংঘাতের বিষয়ে জার্মানি ও ন্যাটো জোটের অন্যান্য দেশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। বিশেষ করে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।
বর্তমানে জার্মানিতে প্রায় ৩৩ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যা ইউরোপে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক উপস্থিতি। বিশ্লেষকদের মতে, এই সংখ্যা কমানো হলে তা ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি ও জোটগত ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।
পর্যবেক্ষকরা বলছেন, ইরান ইস্যুকে কেন্দ্র করে মিত্র দেশগুলোর মধ্যে মতবিরোধ বাড়তে থাকলে তা ভবিষ্যতে আন্তর্জাতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে।
নিউজ ডেস্ক