জয়পুরহাট প্রতিনিধি: জুলাই বিপ্লবে দায়ের হওয়া বিস্ফোরক ও হত্যা মামলায় জয়পুরহাটের কালাই উপজেলা আওয়ামী লীগের সাত নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জয়পুরহাট আমলি আদালত (সদর)-এর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র পাল শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার তালিকাভুক্ত আসামিরা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার তারা একসঙ্গে আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত তাদের আবেদন নাকচ করেন। পরে কড়া পুলিশি পাহারায় দ্রুত তাদের জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়।
কারাগারে পাঠানো নেতারা হলেন—
কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান (৭০), সহ-সভাপতি আব্দুল কুদ্দুস ফকির (৫৬), সাবেক ছাত্রনেতা মিনহাজুল রহমান মিথুন (৪০), জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম (৫৫), উপজেলা যুবলীগের সভাপতি জিয়াউর রহমান (৪৮), আহম্মেদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আকবর আলী (৫৮) এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য এনামুল হোসেন ফকির (৫৪)।
এ বিষয়ে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাহানুর রহমান শাহীন বলেন, মামলার গুরুত্ব বিবেচনায় আদালত আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
নিউজ ডেস্ক